বাংলাশিল্প - সংস্কৃতি

বাংলা নাটক – আমি এ চাইনি ও বাতায়নের বার্বি

গত ১৮ই অগাষ্ট সন্ধ্যার দিকে, ওহাটসঅ্যাপে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো “গুড ইভিনিং” প্রত্যুত্তর করে তার পরিচয় জানতে চাইলে – জানালেন একসময় ওনার ইন্টারভিউ করেছিলাম, নাম – বার্বি। 

বিলক্ষণ মনে পড়ল ‘সুগার ড্যাডি’ নামে একটা শর্ট ফিল্মে বার্বি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। ওনার ইন্টারভিউ নিয়েছিলাম প্রিমিয়ারের দিন। তরুণীটির সুন্দর অনাবিল হাসিমুখে কথা বলায় ক্ষমতা সহজে ভোলার নয়। সাক্ষাৎকারে বার্বি জানিয়েছিলেন বেহালা বাতায়নে নাট্য গোষ্ঠীর সাথে তিনি যুক্ত আছেন।

সেদিন ফোনে ওনাদের নতুন একটা থিয়েটার “আমি এ চাইনিi“ প্রদর্শনীতে আমন্ত্রণ জানালেন। গত ২৩সে অগাষ্ট আমরা লাইফপ্লাস ম্যাগাজিনের তরফে হাজির ছিলাম নাটকটি প্রত্যক্ষ করতে।

এক ঘন্টা চল্লিশ মিনিটের থিয়েটার কিভাবে সময়টা পার হয়ে গেলো টের পেলাম না। ঘটনার সংঘাত, অভিনয়ের নিপুণতা সাথে আলো আর আবহসঙ্গীত সমন্বয়ে একটা নাটকের পেশাদারী প্রদর্শনকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে আন্দাজ করা গেলো। সিনেমা নিয়ে মাতামাতি করে এরকম অসাধারণ শক্তিশালী একটা বিনোদনের মাধ্যমকে এতদিন  অবজ্ঞা করার জন্য আপসোস হচ্ছিল। 

সুধাংশু দাশগুপ্তের গল্প  – আমি এ চাইনি, মঞ্চস্থ করেছিলেন  নির্দেশক বেহালা বাতায়নের প্রতিষ্ঠাতা নবকুমার ব্যানার্জি।

একটি নিঃসন্তান বাঙালি পরিবার যেখানে মধ্যবয়স্ক গৃহকর্তার (সৌরীশ ব্যানার্জি) সুন্দরী অসম বয়স্ক তরুণী স্ত্রীর (জুঁই বাগচী) সাথে তাঁর মস্তিক বিকৃত ভাই সন্তুকে (শুভদীপ চক্রবর্তী ) নিয়ে সম্পর্কের টানাপোড়েনের নিয়ে ছিল গল্পটি। সন্তু একসময়ের মেধাবী ছাত্র – কিন্তু কোন বিশেষ ঘটনার অভিঘাতে সে মানসিক ভাবে বিকৃত, বিপর্যস্ত।। নিজের বৌদিকে সে তার প্রাক্তন প্রেমিকা মনে করে ভ্রম করে। বৌদি অরু মাতৃসম মমতায়, দেওররের প্রেমিকার অভিনয় করতে বাধ্য হন, সন্তুকে শান্ত রাখার জন্য, সুস্থ করার জন্য। 

কিন্তু সুস্থতার পথে উন্মুক্ত হতে থাকে রহস্যের মোড়ক। সন্তুর অসুস্থতার কারণ কোন ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে এলো? রহস্যময়  ইদ্রিস (সুরজিৎ দত্ত) নামে মুসলিম গৃহকর্মী আসলে কে? 

কেন পুলিশ ইন্সপেক্টর ( পার্থ সরকার) বার বার এই পরিবারটিকে উত্যক্ত করছে?  সন্তুর ডাক্তারের (শ্যামল মিত্র) আসল উদ্দেশ্য কি? কেন গৃহকর্তা চান তার নিজের অসুস্থ ভাইয়ের  চিকিৎসা বন্ধ করে দিতে? এসবের উত্তর পেতে আপনাকে দেখতে হবে থিয়েটার – আমি এ চাইনি।

এইরকম একটি রুদ্ধশ্বাস সাংসারিক গল্প, সমাজ রাজনীতি, নীতি, আদর্শ সমস্ত রকম আবেগ ছুঁয়ে যায় লেখক সুধাংশু দাশগুপ্তের গল্পের গুণে ।

একটি সিনের কথা না উল্লেখ করলেই নয়। গৃহকর্তার কাজে বেরোনোর দৃশ্যটি – যেখানে দেখা যায় এক গৃহকর্মী রামব্রিজ  (রাজীব মুখার্জি) যার আলুথালু চেহারা, হাতে টিফিন ক্যারিয়ার এবং জলের বোতল নিয়ে স্টেজের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গিয়ে স্টেজ থেকে বেরিয়ে যায় এবং কয়েক সেকেন্ড পরে গাড়ির স্টার্ট নেবার আওয়াজে দর্শককে সুন্দর ভাবে বুঝিযে দেওয়া হয গৃহকর্তাটি অফিসে বেরিয়ে গেলেন। শুধুমাত্র শব্দ ব্যাবহার করে ঘটনা উপলব্ধি করানোর এক চমৎকার নিদর্শন।

টান টান রুদ্ধশ্বাস নাটকে এই গোলগাল চেহারার রামব্রিজের নিঃশব্দে টিফিন বক্স আর জলের বোতল নিয়ে হেঁটে যাওয়া একটা হালকা অথচ প্রয়োজনীয় কমিক রিলিফ আনে। এই ট্রিটমেন্টে বোঝা যায় নির্দেশকের অসাধারণ মুন্সিয়ানার। পাঠকরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এক ঘণ্টা চল্লিশ মিনিটের নাটকে তাহলে কত চমক অপেক্ষা করছে। 

আক্ষেপের কথা এহেন শিল্প মাধ্যম বর্তমানে উপেক্ষিত হয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। একথাই প্রকাশ পেলো নির্দেশক এবং বেহালা বাতায়নের প্রতিষ্ঠাতা দেবকুমার ব্যানার্জির এবং নাটকটির মূল নারী চরিত্র অরুর ভূমিকায় অভিনয় করা জুঁই বাগচীর সাথে কথোপকথনে।

থিয়েটারের মতন বিনোদন মাধ্যম উপেক্ষিত হলে আমাদেরই ক্ষতি, অসাধারণ কত কাজ অন্তরালে থেকে যাচ্ছে তার ফলে শিল্প অনুরাগীদের কাছে থেকে!

তবে আশার কথা বার্বির মতো তরুণীরা, যিনি এই মূল নাটকে অভিনয় না করলেও বেহালা বাতায়নের সদস্য হিসাবে উদ্যোগটি সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার মতো তরুণ তরুণীর মধ্যেই আমি আশার আলো দেখতে পেলাম। তরুণ প্রজন্মকে বার্বির মতোই থিয়েটার ম্যাধমের প্রতি আগ্রহী হতে হবে।

আবার জানাই আগামী ১৮ই সেপ্টেম্বরে তপন থিয়েটারে সন্ধে সাড়ে ছয়টায় সময়’আমি এ চাইনি‘ নাটকটি মঞ্চস্থ হতে চলেছে। মিডিয়া হিসাবে না, শুধু মাত্র দর্শক হিসাবে উপস্থিত থেকে আর একবার থিয়েটারটি প্রত্যক্ষ করার প্রবল ইচ্ছে ছিল। কিন্তু এই মুহূর্তে আমি কলকাতা থেকে প্রায় ১৭০০ কিমি দূরে দক্ষিণ ভারতের এক শহরে।সুতরাং নিরুপায় হয় শুধুই আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি।

তবে আপনারা  যারা কলকাতা বা তার আশেপাশে আছেন, সে সকল শিল্পমনস্ক অনুরাগীদের কাছে আবেদন রইলো আত্মীয়স্বজন বন্ধু বান্ধব নিয়ে নাটকটি অবশ্যই দেখে আসুন। থিয়েটার মাধ্যমের বিনোদনের ক্ষমতা নিজে উপলব্ধি করে আসুন। থিয়েটারের নাটকীয়তা এবং সংযুক্ত প্রত্যেক কলাকুশলীদের দক্ষতা প্রত্যক্ষ করার এই সুবর্ন সুযোগ হারাবেন না। রইলো টিকেট বুকিং লিঙ্ক

👉 The play will be staged again at Tapan Theatre on 18th September at 6.30 PM. Book your ticket now from this link. https://www.theatreroad.com/seat-select/199/142/ami-e-chaini

For inquirers contract: 9874086385 / 9433124362

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Developed By SanccyWebs