গানপিওন আর পাকরাশি হারমনিয়ামের “গানের জোয়ারে”
শিকড়ের টানে আর সংস্কৃতির আহ্বানে—বিপ্রশেখর এবং কনাদ, একজন বায়োটেকনোলজিস্টের পিএইচডি, আরেকজন ফিনটেক টেকনোলজিস্ট—ব্যাঙ্গালোরের ঝলমলে কেরিয়ারের হাতছানি উপেক্ষা করে বছরখানেক আগে ফিরে এসেছিলেন কলকাতায়। তাঁদের যৌথ উদ্যোগেই জন্ম নেয় গানপিওন—একটি সংগীতমুখর প্ল্যাটফর্ম, যেখানে উদীয়মান শিল্পীরা আলোয় আসার সুযোগ পান।

গত শনিবার, ৩০ মে, সেই গানপিওন আয়োজন করেছিল “গানের জোয়ারে” শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান, উত্তম মঞ্চে পাকরাশি হারমনিয়ামের সহযোগিতায়।
নবীন ও প্রবীণের মিলিত পরিবেশনা নানা ধারার গান দিয়ে পুরো সন্ধ্যাকে এক অনন্য আবেশে ভরিয়ে রেখেছিল।

শুরুতেই প্রখ্যাত শিল্পী শ্রী রাঘব চট্টোপাধ্যায় ও শ্রীমতি ঈপ্সিতা ঘোষ পরিবেশন করলেন সোলো ও যুগলবন্দি। নজরুলগীতি থেকে শুরু করে নানা রঙের গান, শ্রোতাদের আবদারে আরও কিছু অতিরিক্ত পরিবেশনা—সব মিলিয়ে এক প্রাণবন্ত সূচনা। সঞ্চালনায় ছিলেন শ্রী সাম্য কার্ফা।





এরপর নবীন অথচ অসাধারণ গায়ক সৌনক চট্টোপাধ্যায় প্রখ্যাত সরোদ শিল্পী পণ্ডিত অমিতাভ মজুমদার-এর সঙ্গে যুগলবন্দিতে রাগাশ্রিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। তবলায় সংগত করেছিলেন শুভজ্যোতি গুহ।



সবশেষে অফিস থেকে সরাসরি মঞ্চে এসে আকিব মাতিয়ে তুললেন তাঁর বাংলা ব্যান্ড The Akib Hayat Project-এর গানে। আর ঠিক তখনই চমক—গানের মাঝেই নিঃশব্দে প্রবেশ করলেন জনপ্রিয় শিল্পী শিলাজিৎ। শ্রোতাদের উচ্ছ্বাসে ভরিয়ে দিয়ে ঘণ্টাখানেক ধরে এই নবীন-প্রবীণ জুটি মঞ্চে আগুন ধরালেন। শিলাজিতের সরস মন্তব্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। বিশেষ পাওনা ছিল লাইফপ্লাস ম্যাগাজিনের পাঠকদের উদ্দেশে শিলাজিতের শুভেচ্ছা বার্তা, যা শীঘ্রই প্রকাশিত হবে।





অনুষ্ঠানের ফিল্ম ডকুমেন্টেশন ও সোশ্যাল মিডিয়া প্রচার করেছে Cinema for a Cause।
আমরা লাইফপ্লাস ম্যাগাজিন-এর পক্ষ থেকে পুরো অনুষ্ঠান প্রত্যক্ষ করেছি, বিশিষ্টদের সাক্ষাৎকার নিয়েছি, এবং সম্পূর্ণ রেকর্ডিং সংগ্রহ করেছি। সেই ভিডিও কয়েকটি পর্বে প্রকাশিত হবে। আপাতত থাকল কিছু স্টিল ফটোর ঝলক।
সাংস্কৃতিক তাৎপর্য
“গানের জোয়ার” শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং এক সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক। নবীন শিল্পীদের পাশে প্রবীণদের উপস্থিতি প্রমাণ করে দিল যে বাংলা সংগীতের ঐতিহ্য কেবল অতীতে সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মের হাতে তা আরও প্রসারিত হচ্ছে। এই ধরনের অনুষ্ঠানই শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে জীবন্ত রাখে।
ভবিষ্যতের দিশা
গানপিওনের মতো উদ্যোগ আগামী দিনে কলকাতার সংগীতচর্চাকে আরও বিস্তৃত করবে বলেই মনে হয়। উদীয়মান শিল্পীদের জন্য এটি এক মঞ্চ, যেখানে তাঁরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন। আর দর্শকদের জন্য এটি এক অভিজ্ঞতা—যেখানে একই সন্ধ্যায় নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক বাংলা ব্যান্ড পর্যন্ত সবকিছু একসাথে উপভোগ করা যায়।
লাইফপ্লাস ম্যাগাজিন সম্পর্কে : লাইফপ্লাস ম্যাগাজিন একটি সৃজনশীল ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যা ভারতের শিল্প, সাহিত্য, পরিবেশনা ও উদ্ভাবনকে উদযাপন করতে নিবেদিত। উদীয়মান ও প্রতিষ্ঠিত প্রতিভাদের আলোকপাত করার মাধ্যমে এটি সাক্ষাৎকার, ফিচার, সমালোচনা ও অনুষ্ঠান কাভারেজে বহুমাত্রিক কণ্ঠকে একত্রিত করে। ডিজিটাল স্টোরিটেলিং, দ্বিভাষিক যোগাযোগ এবং সামাজিক মাধ্যমের সক্রিয় উপস্থিতির মাধ্যমে লাইফপ্লাস ম্যাগাজিন আজ দেশের সৃজনশীল সম্প্রদায়ের এক প্রাণবন্ত কেন্দ্র।
অনুষ্ঠান প্রচার, ব্যবস্থাপনা, অনলাইন টিকিট সুবিধা ও সামাজিক মাধ্যম যোগাযোগের জন্য — WhatsApp: 9477764615
