I want… ma – শর্ট ফিল্ম রিভিউ
“অলকানন্দা প্রামাণিক” এবং “সিনেমা ফর এ কজের” যৌথ প্রযোজনায় এবং অভিষেক গাঙ্গুলী নির্দেশনায় নির্মিত ১৬ মিনিটের স্বল্প দৈর্ঘ্যর ইংলিশ ভাষায় নির্মিত ফিল্ম “I want… ma” বর্তমান সমাজের এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বার্তা দিতে চেয়েছেন।
সিনেমা শুরু হয় কিশোর ছেলে নীলের স্কুল থেকে ফেরার দৃশ্য দিয়ে। যে বয়সে ছেলেমানুষি সুলভ উৎফুল্লতা নিয়ে শিশুরা স্কুল থেকে ঘরে ফেরে, আমরা কিন্তু ছোট্ট ছেলে নীলকে দেখি গম্ভীর ও বিমর্ষ। নীল তাদের বহুতলের সামনে এসে দাঁড়ায়। উপরে তাকায়। যেন বহুতলটির মতোই নিজেকে নিঃসঙ্গ মনে করে। নীলের সব আছে তবুও যেন কিছুই নেই। সে নামকরা স্কুলে পড়াশোনা করে। নিজের কাজে ব্যাস্ত থাকলেও মা তার কিশোর সন্তানের কোনও অভাব রাখেন না। নীলের জন্য সুস্বাদু খাবার অর্ডার করেন। কিন্তু ছেলের কথা শোনার মোটেও সময় নেই তার। নীল মার গলা জড়িয়ে তার স্কুলের কথা বলতে চায় কিন্তু তার মা ক্রমাগত ফোন কলে ব্যাস্ত। নীল স্কুল থেকে ফিরে একাকী থাকতে চায় না। দোকান থেকে অর্ডার করা দামি খাবার চায় না। সে চায় নিজের মার হাতে তৈরি খাবার। দামি খেনলা চায় না, সে চায় মার সাথে সময় কাটাতে।


আমরা দেখতে পাই, নীলের বিবাহবিচ্ছিন্না মা এক নতুন সম্পর্কের মধ্যে আছেন। তার প্রেমিকের সাথে ফোনালাপে আমরা জানতে পারি তিনি বোঝেন তার ছেলের মানসিক নিঃসঙ্গতার কথা। কিন্তু তিনি তার কাজ নিয়ে সদা ব্যস্ত থাকেন। সন্তানকে সারা পৃথিবী তিনি দিতে পারেন কিন্তু সময় দিতে পারেন না।
ভারাক্রান্ত মনে নীল স্কুল আসাইনমেন্টের জন্য মাতৃ দিবস উপলক্ষে রচনা লিখতে শুরু করে। তার মাকে ঘিরে মনের যাবতীয় দুঃখ অভিমান মিশিয়ে রচনা লিখতে লিখতে ঘুমিয়ে পরে। নীলের মা কি শেষ পর্যন্ত ছেলের মনের খোঁজ পাবেন? তিনি কি উপলব্ধি করতে পারবেন মার আদর ভালোবাসা স্নেহর বিকল্প আর কিছু হতে পারে না? জানতে হলে অবশই দেখুন – “I want… ma”
গল্পের লেখিকা, চিত্রনাট্য রচয়িতা এবং “সিনেমা ফর এ কজের” সহযোগী অলকানন্দা প্রামাণিক জানিয়েছেন বর্তমান সমাজে নীলের মতন বহু শিশুর জীবন প্রভাবিত হচ্ছে ভেঙে যাওয়া সংসার আর অভিভাবকের পর্যাপ্ত সময় না পাওয়ার ফলে। তারা সুস্থ শৈশব পাচ্ছে না। এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে তিনি বার্তা দিতে চেয়েছেন সমস্ত অভিভাবকদের। “সিনেমা ফর এ কজের” কর্ণধার এবং এই সিনেমার নির্দেশক অভিষেক গাঙ্গুলী অতি অল্প সময় ও অল্প কারিগরি সহায়তায় স্বল্প বাজেটের এর মধ্যে সামাজিক বার্তা-বহুল সিনেমা বানিয়ে থাকেন। তাদের স্লোগান “Simple Cinema Touching Lives” এর সাথে সমঞ্জস্য রেখে শর্ট ফিল্ম “I want… ma” তার সাম্প্রতিক নিদর্শন।
মা এবং তার কিশোর সন্তানের ভূমিকায় প্রখ্যাত অভিনেত্রী অন্তরা রায়চৌধুরীর এর সাথে মানানসই অভিনয় করেছে কিশোর ইনেশ ঘোষ। সুন্দর মানিয়েছে তাদের মা ও ছেলের ভূমিকায়। পার্শ্ব চরিত্রে শুভাশিস ঘোষ এবং সিদিকশা শর্মা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাপি,সন্তু এবং অভিকের ফোটোগ্রাফ টিম দুর্দান্ত কাজ করেছে্ন, সৌমজীতের অনবদ্য এডিটিং এর সাথে বিশেষ করে উল্লেখযোগ্য তরুণ সারস্বতের মনোগ্রাহী আবহসঙ্গীত সিনেমার আলাদা মাত্রা যোগ করেছে। I want ma- স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি ইতিমধ্যেই দেশে বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে সারা ফেলেছে। সিনেমা প্রেমী ও সামাজিক দায়বদ্ধতা পূর্ণ প্রতিটি মানুষকে ১৬টা মিনিট সমৃদ্ধ করবে যদি তারা সময় বের করে সিনেমাটি একবার দেখে নিতে পারেন।
রিভিউ -সুদীপ চক্রবর্তী,লাইফপ্লাস ম্যাগাজিন

